সরকারি হাসপাতালে জন্ম নিলেই সোনার আংটি! মুখ্যমন্ত্রীর অভিনব উপহারে সাড়া রাজ্যজুড়ে
তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুকে উপহার হিসেবে এক গ্রামের সোনার আংটি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিজয়। ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামক এই প্রকল্পের আওতায় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হবে। ২২ জুন, ২০২৬ বা তার পরবর্তী সময়ে রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুরা এই সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এই জনকল্যাণমূলক প্রকল্পের জন্য রাজ্য সরকার বার্ষিক ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে এবং দ্রুত দরপত্র আহ্বানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তামিল সংস্কৃতিতে নবজাতককে মামার পক্ষ থেকে উপহার দেওয়ার যে প্রথা রয়েছে, তা বজায় রাখতেই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। সরকারিভাবে প্রথমবারের মতো কোনো সামাজিক প্রথাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এই কল্যাণমূলক প্রকল্প চালু করা হলো। নবজাতক ও তাদের পরিবারের প্রতি সরকারের সমর্থন ও ভালোবাসা প্রদর্শনের লক্ষ্যেই এই সোনার আংটি উপহার হিসেবে তুলে দেওয়া হবে।