২৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান, টলিউডে ফিরছেন অনুপম খের!

দীর্ঘ ২৬ বছরের বিরতির পর টলিউডে আবারও প্রযোজক হিসেবে ফিরছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবির পর দীর্ঘ আড়াই দশক বাংলা সিনেমা থেকে দূরে থাকলেও, এবার শমীক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘শুরু থেকে শুরু’ ছবির মাধ্যমে তিনি ফের বিনিয়োগ করছেন। মুম্বইয়ের ‘অনুপম খের স্টুডিয়োজ’ এবং ফিরদৌসুল হাসানের ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’-এর যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী এবং পাওলি দাম। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাহুল বোসকে।

পাহাড়ের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটিতে এক দম্পতির জীবনের আকস্মিক মোড় এবং এক বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ ফুটে উঠবে। চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে বাংলার কোনো পাহাড়ি এলাকায় ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। দীর্ঘ সময় পর মুম্বইয়ের মতো বৃহত্তর ইন্ডাস্ট্রি থেকে বাংলা চলচ্চিত্রে এ ধরনের বিনিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিল্প সংশ্লিষ্টরা। প্রযোজক ফিরদৌসুল হাসানের মতে, এর ফলে টলিউডের আর্থিক পরিকাঠামো সমৃদ্ধ হওয়ার পাশাপাশি বাংলা সিনেমার নির্মাণশৈলী এবং সর্বভারতীয় বিস্তৃতি লাভবান হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *