অপমানিত হয়ে ইস্তফা! চুঁচুড়ায় তৃণমূলের দুই নেতার পদত্যাগ ঘিরে শোরগোল
চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগ
রাজনৈতিক অস্থিরতার মাঝে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন। বৃহস্পতিবার পুরসভার বোর্ড মিটিং চলাকালীনই তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। এই পদত্যাগের প্রতিলিপি ইতিমধ্যে সদর মহকুমা শাসকের কাছে পাঠানো হয়েছে। চেয়ারে থেকে অপমানের শিকার হয়ে কাজ করা সম্ভব নয় বলেই তাঁরা ইস্তফার কারণ হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি বেআইনিভাবে রাস্তা অবরোধ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সৌমিত্র ঘোষ ও পার্থ সাহাকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘ সময় কারাবাসের পর জামিনে মুক্তি পেলেও তাঁদের ওপর দলের অভ্যন্তরীণ চাপ ক্রমশ বাড়ছিল বলে খবর। প্রসঙ্গত, ২০২২ সালের পুরভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর লোকসভা নির্বাচনের পর অমিত রায়ের পরিবর্তে সৌমিত্র ঘোষকে চেয়ারম্যান পদে বসানো হয়েছিল। মাত্র ছয় মাসের মাথায় তাঁর এই পদত্যাগ চুঁচুড়া তৃণমূলের অন্দরে বড় ধরনের ভাঙনের ইঙ্গিত দিচ্ছে।