রাজীবের উত্তরসূরি কৃষ্ণ গুপ্তা, ডিসেম্বরেই কি বকেয়া পুরভোট?
রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ আইএএস অফিসার ড. কৃষ্ণ গুপ্তা। বর্তমানে তিনি রাজ্য সরকারের সমবায় বিভাগের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্বে রয়েছেন। আগামী ৩০ তারিখ তিনি আইএএস পদ থেকে অবসর নেওয়ার পর রাজ্যের নির্বাচন কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। নবান্নের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব সিনহার অবসরের পর থেকে এই গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘদিন ফাঁকা ছিল।
ভারতের সংবিধানের ২৪৩(কে) অনুচ্ছেদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই নিয়োগ সম্পন্ন হয়েছে। বর্তমানে রাজ্যের বেশ কিছু পুরনিগম ও পুরসভায় প্রশাসক দিয়ে কাজ চালানো হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে বকেয়া এই নির্বাচনগুলি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নতুন কমিশনারের দায়িত্বভার গ্রহণের মাধ্যমে এই নির্বাচন পরিচালনার প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।