ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা, কড়া বার্তা নয়াদিল্লির!
ভারতের মুসলিম স্থাপত্য ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ইসলামাবাদের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রক একে ‘আজগুবি’ এবং ‘ঘৃণার রাজনীতি’ বলে আখ্যা দিয়েছে। কূটনৈতিক মহলের মতে, নিজেদের অভ্যন্তরীন সংকট ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে।
কয়েক দিন আগে পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি দাবি করেন যে, ভারতে মুসলিম স্থাপত্য-সৌধগুলিকে আক্রমণ করা হচ্ছে এবং মসজিদ ভেঙে ফেলার আশঙ্কা রয়েছে। এর প্রতিক্রিয়ায় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার কোনো অধিকার পাকিস্তানের নেই। পাল্টা জবাবে নয়াদিল্লি পাকিস্তানকে তাদের নিজেদের দেশে সংখ্যালঘু নির্যাতনের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছে। ভারতের মতে, পাকিস্তানে প্রতিনিয়ত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর প্রাতিষ্ঠানিক নির্যাতন চালানো হয়, যা আড়াল করতেই তারা ভারতের দিকে আঙুল তুলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই কূটনৈতিক বাদানুবাদ দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতাকে আরও বাড়িয়ে তুলতে পারে।