ফসলের ক্ষতি হলে এবার মিলবে টাকা, বাংলার ৫০ লক্ষ কৃষকের জন্য বড় ঘোষণা মোদী সরকারের!
পশ্চিমবঙ্গে চালু হলো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, উপকৃত হবেন রাজ্যের কৃষকরা
পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিশ্বের বৃহত্তম শস্য বিমা প্রকল্প ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ (PMFBY)। গত ২০ জুন হুগলি জেলার তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ যোজনার ২৩তম কিস্তির অর্থ প্রদানের পাশাপাশি এই প্রকল্পের সূচনা করেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সরাসরি আর্থিক সহায়তা পাবেন। এর আগে সম্প্রতি পিএম কিষাণ যোজনার আওতায় রাজ্যের ৪৫ লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ৯০০ কোটি টাকা সরাসরি হস্তান্তর করেছে সরকার।
এই প্রকল্পের লক্ষ্য হলো ২০২৬-২৭ সালের মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় ৫০ লক্ষ কৃষক এবং ১৪ লক্ষ হেক্টর কৃষি জমিকে বিমার আওতায় নিয়ে আসা, যার মাধ্যমে ফসলের বিমাকৃত মূল্য ২৮,১৪০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। প্রকল্পের সুবিধা পেতে কৃষকদের অত্যন্ত নামমাত্র প্রিমিয়াম জমা দিতে হবে—যা রবি ফসলের ক্ষেত্রে ১.৫ শতাংশ, খরিফ ফসলের জন্য ২ শতাংশ এবং অর্থকরী বা উদ্যান ফসলের জন্য ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাকি প্রিমিয়ামের সিংহভাগ ব্যয় করবে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। ইচ্ছুক কৃষকরা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অফিশিয়াল পোর্টালে ‘Farmer Corner’-এ গিয়ে অথবা নিকটস্থ কৃষি দফতর, অনুমোদিত ব্যাংক কিংবা কমন সার্ভিস সেন্টারে গিয়ে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে পারবেন।