আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন কি আপনি? দ্রুত চেক করুন আপনার নাম!
ভোটের প্রতিশ্রুতি অনুযায়ী পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। এই প্রকল্পের আওতায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। সরকারি ও বেসরকারি হাসপাতালে উন্নতমানের চিকিৎসা পরিষেবাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই বহু মানুষ প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং যাচাইকরণ প্রক্রিয়া শেষে তাদের নাম সুবিধাভোগীর তালিকায় যুক্ত করা হচ্ছে।
আবেদনকারীরা বাড়িতে বসেই আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের আবেদনের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। এক্ষেত্রে মোবাইল নম্বর ও ওটিপি (OTP) ব্যবহার করে পোর্টালে প্রবেশের পর রাজ্য নির্বাচন করে আধার নম্বর, রেশন কার্ড অথবা পরিবারের পরিচয়পত্র দিয়ে অনুসন্ধান করলে আবেদনের তথ্য জানা যাবে। প্রকল্পটি মূলত সমাজের আর্থিকভাবে দুর্বল অংশ, দিনমজুর এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে। তবে আয়ের সীমা নির্বিশেষে ৭০ বছর ও তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।