নিট পরীক্ষার্থীদের জন্য ৪৫ মিনিট অপেক্ষা করলেন প্রধানমন্ত্রী!

কলকাতা থেকে দিল্লি ফেরার পর রবিবার বিমানবন্দরে দীর্ঘ ৪৫ মিনিট অপেক্ষার পর বাসভবনের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর ১টা ১৫ মিনিটে তাঁর বিমান অবতরণ করলেও তিনি দুপুর ২টো পর্যন্ত বিমানবন্দরের ভেতরেই অবস্থান করেন। নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং তাঁরা সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন, সেই কথা বিবেচনা করেই প্রধানমন্ত্রী নিরাপত্তার প্রটোকল শিথিল করে এই সিদ্ধান্ত নেন। ভিভিআইপি মুভমেন্টের কারণে রাস্তা বন্ধ থাকলে পরীক্ষার্থীরা যে ভোগান্তির শিকার হতে পারতেন, তা এড়াতেই মূলত তিনি এই নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেন।

উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের বিতর্কের পর আজ দেশজুড়ে কঠোর নিরাপত্তায় নিটের পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভারতের ৫,৪৪০টি এবং বিদেশের ১৪টি কেন্দ্র মিলিয়ে ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। স্বচ্ছতা বজায় রাখতে এবার ব্যাপক প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৯৫ হাজারেরও বেশি কক্ষে প্রায় ১.৩৮ লক্ষ সিসিটিভি ক্যামেরায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি, নকল প্রতিরোধে ৫১ হাজার সিগন্যাল জ্যামার বসানোর পাশাপাশি ৬,৭০০ জন পর্যবেক্ষক, ৩৯ হাজার তল্লাশি কর্মী এবং ৪৮ হাজারেরও বেশি বায়োমেট্রিক যাচাই কর্মী এই বিশাল পরীক্ষা প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *