হাওড়ায় মর্মান্তিক খুন, ধারের টাকা না দেওয়ায় কুপিয়ে হত্যা গৃহবধূকে!

হাওড়ার শিবপুরের ওলাবিবিতলার ফার্স্ট বাই লেনে রবিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের অস্ত্রের কোপে ভারতী হাজরা (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বাড়ির দোরগোড়ায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের স্বামীর অভিযোগ, কাসুন্দিয়া শিবতলার এক ব্যক্তির কাছ থেকে নেওয়া ৫০ হাজার টাকা ধার পরিশোধ করা হলেও, অভিযুক্তরা তাঁর ওপর চাপ সৃষ্টি করে লাগাতার খুনের হুমকি দিচ্ছিল। রবিবার সন্ধ্যায় সিসিটিভি ফুটেজে দুই মোটরবাইকে চারজন সন্দেহভাজনকে এলাকায় ঘুরতে দেখা যায়। তাদের মধ্যে একজন ফোন করে নিচে ডাকলে ভারতীদেবী দরজা খোলার সঙ্গে সঙ্গেই আততায়ীরা তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় স্বামীর কোলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তের নমুনা সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের শনাক্ত করার কাজ শুরু করেছে। পুলিশি তদন্তের প্রাথমিক পর্যায়ে ধারের টাকার জেরেই এই হত্যাকাণ্ড কি না, কিংবা এর পেছনে অন্য কোনো গভীর কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভরসন্ধেয় জনবহুল এলাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *