গোমূত্র কি সত্যিই চিকুনগুনিয়া সারায়? গবেষণায় তোলপাড়!
চিকুনগুনিয়া প্রতিরোধে গোমূত্র কার্যকরী, দাবি আইআইটি রুরকির গবেষকদের
এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়া প্রতিরোধে গোমূত্র অত্যন্ত কার্যকরী হতে পারে বলে দাবি করেছেন আইআইটি রুরকির একদল গবেষক। প্রতিষ্ঠানের বায়োসায়েন্সেস অ্যান্ড বায়ো-ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শৈলী তোমর ও তাঁর দলের গবেষণায় দেখা গেছে, গোমূত্রে থাকা বিশেষ বায়ো-অ্যাক্টিভ উপাদান রক্তে চিকুনগুনিয়া ভাইরাসের মাত্রা ৯০ শতাংশেরও বেশি কমাতে সক্ষম। গবেষকদের দাবি, গোমূত্রের সঙ্গে থাইমোকুইনাইন বা পিপারাইন মেশানো হলে এই ভাইরাস হ্রাসের হার ৯৯.৮৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।
প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণার দাবি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। গোমূত্রের ঔষধি গুণ নিয়ে অতীতেও বিভিন্ন মহল থেকে দাবি তোলা হলেও, চিকিৎসাবিজ্ঞানীরা পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণের অভাবে তা বরাবরই খারিজ করেছেন। এই পরিস্থিতিতে আইআইটি রুরকির এই গবেষণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, যথাযথ ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া এই ধরনের উপাদানের ব্যবহার জনস্বাস্থ্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।