রাস্তায় নোংরা করলেই মোটা জরিমানা, বদল আনছেন অগ্নিমিত্রা!
কলকাতায় পরিচ্ছন্নতা রক্ষায় কড়া পদক্ষেপ, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর জরিমানা
‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে রাজ্যের রাস্তাঘাট পরিষ্কার রাখতে ও যত্রতত্র নোংরা ফেলা রুখতে জরিমানার অঙ্ক নির্দিষ্ট করল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘স্বচ্ছ অ্যাপ’-এর নিয়ম কড়াভাবে কার্যকর করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, রাস্তায় থুতু ফেললে ১০০ টাকা এবং যত্রতত্র প্রস্রাব বা প্লাস্টিক ব্যবহার করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। এই স্পট ফাইন আদায়ের জন্য আধিকারিকদের কাছে বিশেষ মেশিন থাকবে এবং নাগরিকদের সচেতন করতে আগামী তিন মাস বিশেষ প্রচার চালানো হবে। এরপরও আইন অমান্য করলে পুলিশ সরাসরি ব্যবস্থা গ্রহণ করবে।
জরিমানার পাশাপাশি নাগরিকদের সহায়তায় একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। এই হেল্পলাইনটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। নাগরিকরা এই নম্বরে ফোন করে এলাকায় জল জমা, ডেঙ্গির প্রকোপ, বেহাল রাস্তাঘাট এবং বেআইনি নির্মাণের মতো বিভিন্ন সমস্যার কথা প্রশাসনকে সরাসরি জানাতে পারবেন। ভবিষ্যতে জরুরি প্রয়োজনে এই হেল্পলাইনের সময়সীমা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের।