বিধানসভার টিকিট বিক্রির জল্পনা! আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক ও আইপ্যাক
বিধানসভা নির্বাচনে দলের টিকিট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়, আইপ্যাকের কর্মকর্তা প্রতীক জৈন এবং আইপ্যাক এজেন্ট রিঙ্কি মল্লিকের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছে এবং শীঘ্রই এর শুনানি হওয়ার কথা রয়েছে। অভিযোগকারী এক তৃণমূল নেতার দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নদিয়ার পলাশিপাড়া কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে এই টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীতে রুকবানুর রহমানের নাম প্রার্থী হিসেবে ঘোষিত হলে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে।
এই ঘটনাকে ঘিরে তৃণমূলের অন্দরে ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দলের টিকিট বণ্টনে আইপ্যাকের ভূমিকা নিয়ে ইতিমধ্যে দলের ভেতর ক্ষোভ রয়েছে, যার মধ্যে এই অভিযোগ নতুন করে অস্বস্তি বাড়াল। উল্লেখ্য, এর আগে থেকেই সুমিত রায়ের বিরুদ্ধে জমি জালিয়াতি ও মাটি চুরির অভিযোগে সিআইডি লুক আউট নোটিস ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। টিকিট বিক্রির নতুন এই অভিযোগ শাসকদলের শীর্ষ নেতৃত্বের আইনি সংকটকে আরও ঘনীভূত করল বলে মনে করা হচ্ছে।