হাইকোর্টেও বড় ধাক্কা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে ৩ শ প্লট ফাঁস!
জমি দুর্নীতি মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আর্জি আপাতত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। জমি দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই তিনি পলাতক রয়েছেন। সম্প্রতি সুমিত রায়ের শেষ টাওয়ার লোকেশনের সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হলেও সুমিত রায়ের জন্য কোনো স্বস্তির নির্দেশ মেলেনি। আদালত আগামী সোমবার হলফনামা আকারে এই সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
শালবনী থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া এই তদন্তে জানা গেছে, জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে জাল দলিল তৈরি করা হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত পর্যবেক্ষণ করেছেন যে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর সঙ্গে অন্তত ৩০০টি প্লট ও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। এর আগে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সুমিত রায়ের নাম উঠে আসে। সরকারি আইনজীবীর দাবি, অভিযুক্তের বাড়ি থেকে জাল দলিল উদ্ধার হয়েছে এবং সুমিত রায়ের কাছে টাকা যাওয়ার বিষয়ে তাঁর ব্যক্তিগত গাড়ির চালক বয়ান দিয়েছেন। তবে মামলাকারীর আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুমিত রায়কে ফাঁসানোর চেষ্টা চলছে।