কলকাতা কেন পিছিয়ে, ফ্ল্যাট বিক্রিতে চমক কি বেঙ্গালুরুর!
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মাঝেও ভারতের সামগ্রিক রিয়েল এস্টেট বাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। প্রপইকুইটি-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের শীর্ষ ৯টি শহরে ফ্ল্যাট ও বাড়ি বিক্রির পরিমাণ ১৯ শতাংশ বেড়ে ১,১২,৪৫৮ ইউনিটে দাঁড়িয়েছে এবং নতুন প্রকল্পের সরবরাহ বৃদ্ধি পেয়েছে ৪৩ শতাংশ। তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতার বিপরীতে কলকাতা ও দিল্লি-এনসিআর বাজারে নেতিবাচক চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, কলকাতায় এই সময়ে ফ্ল্যাট বিক্রি ২৩ শতাংশ কমে ৩,৪১৪ ইউনিটে নেমেছে এবং দিল্লি-এনসিআরে বিক্রির হার কমেছে ১৪ শতাংশ।
দক্ষিণ ও পশ্চিম ভারতের শহরগুলোতে রিয়েল এস্টেট খাতের দাপট অব্যাহত রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে বেঙ্গালুরু, যেখানে বাড়ি বিক্রি ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া নবি মুম্বইতে ৬১ শতাংশ, মূল মুম্বইতে ৩২ শতাংশ, হায়দরাবাদে ২২ শতাংশ এবং চেন্নাইতে ১৮ শতাংশ হারে বিক্রির প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের পরিকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীরা বর্তমান বাজারে আস্থা রাখছেন। তবে কলকাতায় পরিকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থানের গতি মন্থর হওয়ায় ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই প্রবনতা অব্যাহত থাকলে শহরের আবাসন শিল্পে বিনিয়োগ এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।