শশাঙ্ক বিল ভরাট ঘিরে ধুন্ধুমার! প্রোমোটারদের দাদাগিরিতে স্তব্ধ প্রশাসন

বর্ধমান শহরে শশাঙ্ক বিল ভরাটের অভিযোগ, তদন্তে বাধা বিএলআরও আধিকারিকদের

বর্ধমান শহরের অন্যতম বৃহৎ জলাভূমি শশাঙ্ক বিল ভরাটের কাজ ফের শুরু হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। গত প্রায় দু’সপ্তাহ ধরে আনন্দপল্লি, শ্রীপল্লি, জিটি রোড ও ২ নম্বর ইছলাবাদ সংলগ্ন ৩০০ বিঘার এই জলাশয়টি বোজানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার এই ঘটনার তদন্ত করতে গিয়ে প্রোমোটারদের চরম বাধার সম্মুখীন হন বিএলআরও (BLRO) আধিকারিকরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের প্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে প্রোমোটারদের সঙ্গে তাঁদের বচসা বাঁধে। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আধিকারিকরা এলাকাটি পরিদর্শন করে নথিপত্র পরীক্ষা করেন।

ব্রিটিশ আমল থেকে পরিচিত এই বিলটি বর্ধমান শহরের প্রাকৃতিক জলধারণের অন্যতম প্রধান উৎস এবং বন্যার হাত থেকে শহরকে রক্ষা করে। অভিযোগ, সাবমার্সিবল পাম্প দিয়ে জল ছেঁচে ও মাটি ভরাট করে জলাভূমির চরিত্র বদলে সেখানে বহুতল আবাসন নির্মাণের চেষ্টা চলছে। এর আগে ২০১৪ সালেও এই বিলের জমির চরিত্র বদলের জন্য তৎকালীন পুরপ্রধানের সই জাল করার অভিযোগ উঠেছিল, যার তদন্ত আজও অসম্পূর্ণ। পরিবেশপ্রেমী ও নাগরিক সমাজ এই বিলটি রক্ষার দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে, তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *