মালদহে বজ্রপাতে মৃত্যু ৪! দক্ষিণবঙ্গের ৪ জেলায় জারি রেড অ্যালার্ট!
মালদহের ধুলিয়ানে বজ্রপাতে চারজনের মৃত্যু ও ৩৫ জন আহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গের চার জেলায় প্রবল দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে তীব্র বজ্রপাত ও বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কা প্রকাশ করে লাল সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মালদহের ধুলিয়ানে গঙ্গা পারাপারের সময় নৌকা থেকে নেমে যাত্রীরা একটি টিনের ঘরে আশ্রয় নিলে সেখানে পরপর বজ্রপাতে আসাদুল্লাহ সেখ (৮০), আনসার সেখ (৪৫), একরামুল শেখ (৭৫) এবং কচি সেখ (২৫)-এর মৃত্যু হয়। নিহতদের বাড়ি বৈষ্ণবনগরের পার দেওনাপুর ও চৌধুরীপাড়া এলাকায়। এই ঘটনায় আহত ৩৫ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জঙ্গিপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং বাকিরা স্বরূপনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।