পাতে ডিম চাই, বাজেটে ‘উপযুক্ত’ কারা? বিধানসভায় সরব কুণাল!
বিধানসভার প্রথম অধিবেশনেই গঠনমূলক বিরোধিতার প্রতিশ্রুতি মেনে রাজ্যের নতুন সরকারের বিভিন্ন উদ্যোগের ওপর আলোকপাত করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বুধবার বিধানসভায় আলোচনাকালে তিনি নতুন সরকারের বেশ কিছু গঠনমূলক পদক্ষেপকে স্বাগত জানানোর পাশাপাশি মিড-ডে মিল, বাজেট প্রকল্প এবং রাজ্যের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাব উত্থাপন করেন। বিশেষ করে মিড-ডে মিলের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করা এবং বাজেটে উল্লিখিত ‘উপযুক্ত’ সুবিধাভোগীর সংজ্ঞার স্বচ্ছতা নিয়ে তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বিধানসভায় আলোচনায় কুণাল ঘোষ রাজ্যের নিজস্ব আয় ও রাজস্ব বৃদ্ধির রূপরেখা স্পষ্ট করার ওপর জোর দেন এবং আগের সরকারের জনমুখী প্রকল্পগুলির গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি রানি শিরোমণির স্মৃতি সংরক্ষণ ও করণগড়ের উন্নয়ন, ২৮ নম্বর ওয়ার্ডে কলেজ প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, সংখ্যালঘু কল্যাণ এবং পরিবেশ রক্ষার দাবিতে সরব হন। পরিশেষে তিনি জানান, নতুন সরকার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করলেও প্রকল্পের বাস্তবায়ন এবং আর্থিক উৎসের বিষয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন।