বিধানসভার রাশও হাতছাড়া, বিএ কমিটিতে ব্রাত্যই রয়ে গেল কালীঘাট তৃণমূল!
পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন বিজনেস অ্যাডভাইজারি (বিএ) কমিটিতে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়কের স্থান হয়নি। গত ১৯ জুন গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটিতে স্পিকার ঋতব্রতপন্থীদেরই তৃণমূলের প্রকৃত প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর আগে বিরোধী দলনেতা ও মুখ্য সচেতকের পদ হাতছাড়া হওয়ার পর, বিধানসভার নীতিনির্ধারণী এই কমিটিতে জায়গা না পাওয়া কালীঘাট শিবিরের জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
নতুন এই কমিটিতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামানের পাশাপাশি বিপ্লব মিত্র, সমীর কুমার জানা, সন্দীপন সাহা ও জাভেদ আহমেদ খান স্থান পেয়েছেন। এছাড়া সিপিআইএমের মহম্মদ মোস্তাফিজুর রহমান, আইএসএফের নওশাদ সিদ্দিকী এবং কংগ্রেসের মোহতাব শেখকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিধানসভার অধিবেশনের দিনক্ষণ, বিল পেশ এবং আলোচনার বিষয়বস্তু নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বিএ কমিটির হাতে থাকে। গত ১৫ বছর ধরে বিধানসভার এই কার্যপ্রণালী কালীঘাট থেকে নিয়ন্ত্রিত হলেও, নতুন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় এখন থেকে সদনের নীতিগত সিদ্ধান্তে কালীঘাটের আর কোনো ভূমিকা বা প্রভাব থাকবে না।