বকেয়া DA-র দাবিতে উত্তাল রাজ্য, মুখ্যসচিবকে ই-মেল শিক্ষকদের!
বকেয়া ২৫ শতাংশ ডিএ মেটানোর দাবিতে মুখ্যসচিবকে ই-মেল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির
কলকাতা: রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করা হলেও, বকেয়া মেটানোর দাবিতে সরব হয়েছেন শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্যসচিবের কাছে ই-মেলের মাধ্যমে আবেদন জানিয়েছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস জানিয়েছেন, ২০১৯ সালের রোপা (ROPA) অনুযায়ী ডিএ বাড়ানো হলেও, ২০০৯ সালের রোপা অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশিত ২৫ শতাংশ বকেয়া ডিএ শিক্ষকদের এখনও পাওনা রয়েছে।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৬ সালের মার্চের মধ্যেই এই ২৫ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়ার কথা ছিল। তবে সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটে এই বকেয়া ডিএ সংক্রান্ত কোনো উল্লেখ না থাকায় শিক্ষক মহলে হতাশা তৈরি হয়েছে। বাজেটে বকেয়া মেটানোর কোনো দিশা না দেখে নিজেদের প্রাপ্য আদায়ের লক্ষ্যে দ্রুত সরকারি পদক্ষেপের দাবি জানিয়েই মুখ্যসচিবের দ্বারস্থ হয়েছেন শিক্ষকরা।