তারাতলায় ভয়াবহ বিপর্যয়, ধ্বংসস্তূপের নিচে আটকে অন্তত ৫০ জন!
তারাতলায় কারখানার শেড ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, আটকে বহু শ্রমিক
কলকাতা: কলকাতার তারাতলায় নির্মাণাধীন একটি কারখানার শেড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। লোহার ভারী বিম ও টিনের নিচে চাপা পড়ে অন্তত ৪০ থেকে ৫০ জন শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী; স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি কারখানার গোডাউন নির্মাণের কাজ চলছিল। নির্মাণের সময় কাঠামোটি একবার ভেঙে পড়লে কর্মীরা তা মেরামত করে ফের কাজ শুরু করেছিলেন। ওই সময় শেডের নিচে অনেকে কাজ করছিলেন ও বিশ্রাম নিচ্ছিলেন, তখনই আচমকা পুরো কাঠামোটি ভেঙে পড়ে। বর্তমানে ধ্বংসস্তূপ সরানোর জন্য ক্রেন ব্যবহার করা হচ্ছে এবং যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।