ইউনেস্কোর নামে পুজোর টিকিট বিক্রি! হাইকোর্টে স্বস্তি পেলেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী?
ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপূজার প্রিভিউ শো-এর টিকিট বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে দম্পতি আগাম জামিনের আবেদন করলে আদালত আগামী দুই সপ্তাহ তাঁদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছে। একই সঙ্গে, আগামী ৪ জুলাইয়ের মধ্যে এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রীর মালিকানাধীন সংস্থা ‘মাস আর্ট’-এর বিরুদ্ধে অভিযোগ, তারা ইউনেস্কোর লোগো ও নাম ব্যবহার করে বেআইনিভাবে প্রতিটি প্রিভিউ পাস ৪,০০০ টাকা মূল্যে বিক্রি করেছে। আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায় এই ঘটনায় বউবাজার থানায় এফআইআর দায়ের করেন। আদালতে রাষ্ট্রপক্ষের ভাষ্যমতে তদন্ত এখনও চলমান রয়েছে। শুনানিতে আবেদনকারীদের আইনজীবীর দাবি, টিকিটে লোগো ব্যবহার করা হয়নি এবং ইউনেস্কো কোনো অভিযোগ দায়ের করেনি। তবে বিচারপতি সেনগুপ্ত পর্যবেক্ষণ করেছেন যে, ডোনার পাস ইস্যু করে অর্থ সংগ্রহের অর্থই শর্ত ভেঙে বাণিজ্যিক ব্যবহার করা।