গঙ্গার বুকে মদের আসর! বারাণসীর ভাইরাল ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য

বারাণসীতে পবিত্র গঙ্গা নদীতে নৌকায় বসে মদ্যপান ও মাংস রান্নার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পাঁচ যুবককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পুণ্যার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ঘটনার পর ওই নৌকাটিও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন দীপক কুমার, অজয় সাহানি, অরুণ কুমার সাহানি, অনুরাগ নিষাদ এবং রাহুল সাহানি। এদের প্রত্যেকের বাড়ি বারাণসীর রামনগর এলাকায় এবং দশাশ্বমেধ থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গভীর রাতে নৌকার ওপর উনুন জ্বালিয়ে মাংস রান্না চলছে এবং যুবকরা মদ্যপান করছে। দশাশ্বমেধ ঘাটের এসিপি অতুল অঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন, ভিডিওর যুবকদের শীতের পোশাক দেখে প্রাথমিক অনুমান ঘটনাটি বেশ কয়েক মাস আগের। নৌকাটি স্থানীয় এক বিজেপি নেতার মালিকানাধীন বলে জল্পনা ছড়ালেও পুলিশ জানিয়েছে, ভিডিওতে ওই নেতার উপস্থিতি মেলেনি, তবে নৌকার প্রকৃত মালিকানা যাচাই করতে তদন্ত চলছে। গঙ্গার পবিত্রতা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার পর কঠোর সতর্কবার্তা জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *