বিধানসভায় ব্রাত্য কালীঘাট, বিএ কমিটিতেও ‘নো এন্ট্রি’ মমতাপন্থীদের!
বিধানসভার নতুন বিএ কমিটিতে কোণঠাসা কালীঘাটপন্থী তৃণমূল, নেই কোনও প্রতিনিধি
রাজ্য বিধানসভার অন্যতম ক্ষমতাশালী কমিটি— বিজনেস অ্যাডভাইজারি (বিএ) কমিটিতে কালীঘাটপন্থী তৃণমূল শিবিরের কোনও প্রতিনিধি স্থান পাননি। গত ১৯ জুন গঠিত এই কমিটিতে তৃণমূলের মূল প্রতিনিধি হিসেবে স্পিকার ঋতব্রতপন্থীদেরই বহাল রেখেছেন। ফলে বিধানসভার কার্যবিবরণী নিয়ন্ত্রণের এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে কালীঘাটের অনুগামীরা সম্পূর্ণভাবে ব্রাত্য হয়ে পড়েছেন। অথচ কমিটিতে বাম, কংগ্রেস ও আইএসএফ-এর মতো দলগুলোর প্রতিনিধিরা জায়গা করে নিয়েছেন।
বিধানসভার নতুন বিএ কমিটিতে শাসক দল বিজেপির ১২ জন সদস্যের মধ্যে নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল প্রমুখ রয়েছেন। বিরোধী দলনেতা হিসেবে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী মুখ্য সচেতক পদে রয়েছেন আখরুজ্জামান। এছাড়াও ঋতব্রতপন্থী বিধায়ক বিপ্লব মিত্র ও সমীর কুমার জানা কমিটির সদস্য হিসেবে জায়গা পেয়েছেন। উল্লেখ্য, বিধানসভার অধিবেশনের দিনক্ষণ, বিল উত্থাপন এবং আলোচনার সময়সীমা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই কমিটির মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। বিগত ১৫ বছর বিধানসভার এই কার্যধারা কালীঘাট থেকে নিয়ন্ত্রিত হলেও, বর্তমান পরিস্থিতিতে বিধানসভার অন্দরে কালীঘাটপন্থীদের ক্ষমতা কার্যত শূন্যে নেমে এল বলে রাজনৈতিক মহলের ধারণা।