রবীন্দ্র সরোবরের বেহাল দশা, NGT-র নিয়ম মানছে না কে! কড়া বার্তা পুরমন্ত্রীর
রবীন্দ্র সরোবরের বেহাল দশা খতিয়ে দেখলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল
রবীন্দ্র সরোবর লেকের বেহাল দশা এবং অব্যবস্থার অভিযোগ পেয়ে বুধবার সকালে পরিদর্শনে নামলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ‘স্বচ্ছতা অভিযান’-এর অঙ্গ হিসেবে কেএমডিএ (KMDA)-র ব্যাটারি চালিত গাড়িতে করে তিনি সমগ্র লেক চত্বর ঘুরে দেখেন এবং প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন। এসময় স্থানীয়রা সিসিটিভি ক্যামেরার অভাব, অপরিচ্ছন্নতা এবং দীর্ঘদিনের মেকানিক্যাল ড্রেজিংয়ের অভাবে লেকের গভীরতা কমে মাত্র ৫ ফুটে এসে ঠেকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে পুরমন্ত্রী বেশ কিছু গুরুতর সমস্যার কথা উল্লেখ করেন। তার মধ্যে রয়েছে লেক চত্বরে অবস্থিত তিনটি ক্লাব ও মাজারের নিকাশি জল সরাসরি লেকে মেশা, দীর্ঘ সময় ধরে ড্রেজিং না হওয়া এবং লেক চত্বরে যত্রতত্র গাছের পাতা ফেলে রাখা ও সারমেয়দের খাবার দেওয়ার ফলে পরিবেশ নষ্ট হওয়া। এছাড়া ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT)-এর নিয়মগুলি সঠিকভাবে মানা হচ্ছে না বলেও তার নজরে আসে। এই সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী।