বিধানসভার একমাত্র বাম বিধায়ক রানাই এবার সিপিএমের ‘পোস্টার বয়’!
সিপিএমের রাজ্য কমিটিতে মুস্তাফিজুর রহমান ও মোনালিসা সিনহা, গুরুত্ব বাড়ছে সংখ্যালঘু সমর্থনের
বিধানসভা নির্বাচনে বামেদের একমাত্র প্রতিনিধি ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমান রানাকে সিপিএমের রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য করা হয়েছে। কলকাতায় আয়োজিত দলের দু’দিনের রুদ্ধদ্বার রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে সাংগঠনিক রদবদলের অংশ হিসেবে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা মোনালিসা সিনহাকেও রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্র অনুযায়ী, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে জেলা কমিটিগুলো তাদের রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা বিশৃঙ্খলার ফলে সংখ্যালঘু ও নিচুতলার মানুষের মধ্যে বামেদের প্রতি জনসমর্থন বাড়ার বিষয়টি উঠে এসেছে। এই পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমান রানাকে দলের ‘পোস্টার বয়’ হিসেবে তুলে ধরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জনসংযোগ বাড়ানোর কৌশল নিয়েছে সিপিএম। ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক রণকৌশল নির্ধারণেও তাঁকে প্রথম সারির ভূমিকায় ব্যবহারের পরিকল্পনা করছে আলিমুদ্দিন স্ট্রিট।