মঞ্চে কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন অলকা ইয়াগনিক!
দীর্ঘ দুই বছর জনসমক্ষ থেকে দূরে থাকার পর দেশের অন্যতম বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ গ্রহণের মঞ্চে দেখা গেল বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিককে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণের সময় প্রবীণ এই শিল্পীর শারীরিক দুর্বলতা ও অন্যের সহায়তায় চলাচলের দৃশ্যটি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রণাম করার সময়ও তাঁর শারীরিক অসুস্থতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
২০২৪ সাল থেকে ‘সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস’ নামক এক বিরল ও জটিল রোগের কারণে সংগীত জগত থেকে প্রায় বিচ্ছিন্ন রয়েছেন ৬০ বছর বয়সী এই শিল্পী। কানের অভ্যন্তরীণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সৃষ্ট এই রোগের প্রভাব পড়েছে তাঁর শ্রবণশক্তি ও স্বাভাবিক চলাচলের ওপর, যা একজন সংগীতশিল্পীর জন্য অত্যন্ত বিপর্যয়কর। সর্বশেষ ‘অমর সিং চমকিলা’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া অলকা ইয়াগনিক অসুস্থতার এই কঠিন সময়েও ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই সম্মাননাকে তাঁর লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।