চরম সঙ্কটে দিদির পাশে! কর্মীদের নিয়ে বিশেষ বার্তা কুণালের
তৃণমূলের উত্তর কলকাতা জেলার বিশেষ কর্মিসভা আজ, বার্তা দেবেন কুণাল ঘোষ
তৃণমূল কংগ্রেসের বর্তমান সংকটময় পরিস্থিতিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশের বার্তা দিতে আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রামমোহন হলে এক বিশেষ কর্মিসভার আয়োজন করেছেন উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি কুণাল ঘোষ। ‘আমরা বেইমান নই’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সভার মূল লক্ষ্য হলো, দলের কঠিন সময়ে যাঁরা দল ছেড়ে যাননি এবং কোনো আলাদা গোষ্ঠী না তৈরি করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে কাজ করছেন, তাঁদের একজোট করা।
সম্প্রতি বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের পর থেকেই তৃণমূলে ভাঙন অব্যাহত রয়েছে, যা সামাল দেওয়া এখন বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার বিধানসভায় নিজের অবস্থানের কথা স্পষ্ট করে কুণাল ঘোষ বলেন, “আমরা হেরে যেতে পারি, কিন্তু বেইমান নই।” দলীয় স্তরে আনুগত্যের বার্তা দিতেই তিনি স্যোশাল মিডিয়ায় সরব হয়েছেন এবং আজ সংগঠনের কর্মীদের নিয়ে সরাসরি শক্তি প্রদর্শনের কর্মসূচি নিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই কর্মিসভার মাধ্যমেই তৃণমূল তাদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের নতুন রাজনৈতিক বার্তা দিতে চাইছে।