হানিমুন ট্রিপে রুট বদলে স্ত্রী খুন, ল্যাপটপে মিলল স্বামীর বীভৎস ছকের প্রমাণ!
উত্তরাখণ্ডের মুসৌরিতে মধুচন্দ্রিমায় গিয়ে ২৭ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মী রাধা গায়ত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় তাঁর স্বামী সোমায়াজুলা শ্রীচরণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ভ্রমণের আয়োজন করা হয়েছিল। স্ত্রীর ব্যক্তিগত গোপনীয়তার ওপর নজর রাখতে তাঁর ল্যাপটপে গোপনে জিপিএস ট্র্যাকার বসিয়েছিলেন শ্রীচরণ, যা তদন্তে নতুন মোড় এনে দিয়েছে। এই তথ্যের ভিত্তিতেই অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে উত্তরাখণ্ড পুলিশ।
গত ১৫ জুন মুসৌরির একটি হোমস্টে থেকে রাধা গায়ত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়। মদ্যপানের পর ঘুমের ঘোরে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে স্বামী দাবি করলেও, তদন্তকারীদের বয়ানের অসংগতি সন্দেহ বাড়ায়। মৃতার বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই শ্রীচরণ তাঁর মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এছাড়া, রাধা গায়ত্রী মদ্যপান করতেন না বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পরিকল্পনামাফিক ভ্রমণের রুট পরিবর্তন, ল্যাপটপে নজরদারি এবং বয়ানের অসঙ্গতি যাচাই করে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।