হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে মমতা, কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয় ও দলের অন্দরে বিদ্রোহের আবহে বুধবার কলকাতায় হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। ধর্মতলা থেকে ওয়েলিংটন পর্যন্ত আয়োজিত এই বিশাল মিছিল ও মানববন্ধনে তাঁর সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, দোলা সেনসহ দলের শীর্ষ নেতারা। হকারদের রুজি-রুটি রক্ষা ও পুনর্বাসনের দাবিতে আয়োজিত এই কর্মসূচিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে মমতা ব্যানার্জির নিজের অস্তিত্ব রক্ষার এক বড় শক্তি পরীক্ষা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে রেল কর্তৃপক্ষ ও বিভিন্ন সরকারি উদ্যোগে কলকাতা ও সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের ঘটনায় বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতি সামাল দিতে এবং নিচুতলার কর্মীদের মনোবল বাড়াতে মমতা ব্যানার্জি আন্দোলনের পুরোনো পথ বেছে নিয়েছেন। কামারহাটির বিধায়ক মদন মিত্রকে হকার সংক্রান্ত বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাঁর অনুরোধেই মমতা ব্যানার্জি এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়েছেন। উল্লেখ্য, নির্বাচনী বিপর্যয় ও লোকসভার ২০ জন সাংসদের দলত্যাগের ফলে বর্তমানে চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।