টলিপাড়ার ভবিষ্যৎ বদলে দিতে নবান্নে মেগা বৈঠক, আসছে নতুন চমক!
পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের দীর্ঘদিনের অস্থিরতা কাটাতে নবান্নে এক উচ্চপর্যায়ের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতরের শীর্ষ আধিকারিক এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ডাঃ সুব্রত গুপ্তের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায় ও পাপিয়া অধিকারী বর্তমান বিনোদন শিল্পের পরিকাঠামো সংস্কারের বিষয়ে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকের কার্যবিবরণী প্রকাশ্যে আসার পর টলিপাড়ায় ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনস্থ প্রায় ৪০টি কমিটি ও সংস্থার কাজ পুনরায় খতিয়ে দেখা হবে। একই ধরনের কাজ করা একাধিক সংস্থাকে এক ছাতার তলায় আনা এবং অডিটোরিয়াম ও হল বরাদ্দের জন্য অভিন্ন অনলাইন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, ফেডারেশনের পরিচালন ব্যবস্থায় স্বচ্ছতা ও পেশাদারিত্ব আনতে ১৯২৬ সালের ট্রেড ইউনিয়ন আইন মেনে সংস্কার প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর জন্য ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রারের কাছ থেকে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে।
শিল্পের অচলাবস্থা নিরসনে একটি শক্তিশালী ‘উপদেষ্টা কমিটি’ গঠনের রূপরেখাও তৈরি করা হয়েছে। এই সম্ভাব্য কমিটির তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, দেব, মহেন্দ্র সোনি, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ও সানি ঘোষ রায়ের মতো ব্যক্তিত্বদের নাম রয়েছে। নবান্নের আধিকারিক ও চার বিধায়ককেও এই কমিটির অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো বিনোদন শিল্পে স্বচ্ছ ও পেশাদার পরিবেশ ফিরিয়ে আনা।