অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে মানতেই হবে এই নিয়ম, বড় বার্তা মুখ্যমন্ত্রীর!
রাজ্যের জনপ্রিয় ‘অন্নপূর্ণা যোজনা’র সুবিধা পাওয়ার ক্ষেত্রে নতুন ও কঠোর শর্তাবলী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফলতার ফতেপুরে আয়োজিত একটি জনকল্যাণ শিবির থেকে তিনি জানান, সরকারি প্রকল্পের সুফল পেতে হলে পরিবারের মহিলাদের নির্দিষ্ট নিয়ম ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই নিয়ম না মানলে উপভোক্তাদের প্রকল্পের সুবিধা বাতিল করা হতে পারে।
নতুন ঘোষণা অনুযায়ী, পরিবারের সন্তানরা যদি সরকারি অনুমোদনহীন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তবে ওই পরিবার অন্নপূর্ণা যোজনার আর কোনো আর্থিক সুবিধা পাবে না। আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা প্রসারের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, পরিবারের সকল সদস্যের বাধ্যতামূলক টিকাকরণ নিশ্চিত করার বিষয়টিও প্রকল্পের শর্ত হিসেবে যুক্ত করা হয়েছে। কোনো সদস্য সরকারি টিকা না নিলে সংশ্লিষ্ট পরিবার এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে।