বাংলায় বড়সড় লগ্নির হাতছানি, সিঙ্গাপুরের পাশাপাশি আগ্রহী ৪২ শিল্পপতি!
পশ্চিমবঙ্গে শিল্পায়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক সংস্থা ‘ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ’। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সংস্থার চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়ের বৈঠকে লজিস্টিক পার্ক নির্মাণের ক্ষেত্রে বিপুল লগ্নির প্রস্তাব দেওয়া হয়। রাজ্যের আর্থিক বৃদ্ধি, কৌশলগত উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই বিনিয়োগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে রাজ্য সরকার।
এদিকে, রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই দেশীয় শিল্পপতিদের মধ্যেও বিনিয়োগের আগ্রহ বাড়ছে। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, এখন পর্যন্ত ৪২ জন শিল্পপতি নিজে থেকে যোগাযোগ করে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। এই পরিস্থিতিতে আগামী ২২ জুন পেশ হতে যাওয়া নতুন সরকারের প্রথম বাজেটে শিল্পখাতের উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগ ও নতুন শিল্প নীতি ঘোষণার প্রস্তুতি চলছে।