৫০ লক্ষ টাকা তোলাবাজির চাপ, বিজেপি কর্মীদের অত্যাচারে বিষ খেয়ে আত্মঘাতী তৃণমূল নেতা!
পূর্ব বর্ধমানে তোলাবাজি ও হুমকির জেরে তৃণমূল নেতার আত্মহত্যা, গ্রেপ্তার ৩
বর্ধমান: পঞ্চাশ লক্ষ টাকা তোলা না দেওয়ায় পরিবারকে খুনের হুমকির মুখে পড়ে বিষপান করে আত্মঘাতী হলেন পূর্ব বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির দুইবারের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা স্বরূপ রানা। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর পর, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কানাইলাল খাঁ, লক্ষ্মীরাম হাঁসদা ও শ্যামল হাজরা নামে তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের ভাই শ্যামল রানার দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ জুন অভিযুক্তরা স্বরূপ রানার বাড়িতে চড়াও হয়ে তাঁর স্ত্রী ও নাবালিকা কন্যাকে মারধর করে। পরদিন ২২ জুন তাঁকে একটি আড়তে ডেকে নিয়ে ৫০ লক্ষ টাকা তোলা দাবি করা হয় এবং পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে দেওয়ানদিঘি থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় আত্মহত্যায় প্ররোচনা, তোলাবাজি ও মারধরের অভিযোগ আনা হয়েছে। বুধবার ধৃতদের আদালতে তোলা হয়েছে।