২০০ কোটির তছরুপ মামলার মোড় ঘোরালেন জ্যাকলিন, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা!
২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় সুপ্রিম কোর্টে দায়ের করা একটি গুরুত্বপূর্ণ আবেদন প্রত্যাহার করে নিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। দিল্লির একটি ট্রায়াল কোর্টের দেওয়া অভিযোগ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে আইনি লড়াই সুপ্রিম কোর্টে আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
এই আবেদনের ফলে দিল্লির ট্রায়াল কোর্টের নির্দেশই আপাতত বহাল থাকছে এবং জ্যাকলিনকে এখন নিম্ন আদালতেই নিজেকে নির্দোষ প্রমাণ করার আইনি লড়াই চালিয়ে যেতে হবে। আর্থিক কেলেঙ্কারির এই মামলায় প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সহযোগী হিসেবে জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, সুকেশের বেআইনি কর্মকাণ্ডের বিপুল অর্থের সুবিধাভোগী ছিলেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে এখন নিম্ন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।