তারাতলা বিপর্যয়ের পর নড়েচড়ে বসল প্রশাসন, কলকাতা ও সংলগ্ন এলাকায় এবার সব নির্মাণকাজ বন্ধ!

তারাতলা বিপর্যয়ের ঘটনার পর রাজ্যজুড়ে সমস্ত নির্মীয়মাণ ভবনের কাজে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বিধানসভায় এক বিবৃতিতে জানিয়েছেন, কলকাতা, রাজারহাট-নিউ টাউন, মহেশতলা, বজবজ, পুজালি, সোনারপুর এবং বারুইপুর পুরসভা এলাকায় আপাতত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখতে হবে। পূর্ববর্তী সরকারের আমলে অনুমোদিত সমস্ত বিল্ডিং প্ল্যান নতুন করে অডিট বা নিরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্মাণকাজ খতিয়ে দেখার জন্য কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে, খলিল আহমেদ, ডিজি বিল্ডিং, ডিজি ফায়ার এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির ছাড়পত্র পাওয়ার পরই নির্মাণকাজ পুনরায় শুরু করা যাবে। পাশাপাশি, তারাতলা বিপর্যয়ের পেছনে কাটমানি ও দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম ও বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারের সই করা প্ল্যানে এই ত্রুটি ছিল। দুর্নীতির তদন্তে বর্তমানে মেয়রের তৎকালীন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে ‘কালী’-কে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। প্ল্যানে কোনো গলদ বা দুর্নীতি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *