১৮ জুলাইয়ের মধ্যে খালি করতে হবে সুরুচি সংঘের জমি, বড় ধাক্কা খেলেন মন্ত্রী!
নিউ আলিপুরে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (এলআইসি)-র জমি জবরদখল করে সুরুচি সংঘ ক্লাব গড়ে তোলার অভিযোগে কঠোর পদক্ষেপ নিয়েছে বিমা সংস্থাটি। সংস্থাটির পক্ষ থেকে আইনজীবী মারফত পাঠানো নোটিসে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ওই জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ক্লাবের দেওয়ালে এই আইনি নোটিস টাঙিয়ে দিয়ে এলআইসি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে জমি খালি না করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে, নিউ আলিপুরে এলআইসির চারটি প্লট অবৈধভাবে দখল করে ক্লাব ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। এই জবরদখলের নেপথ্যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, যাঁদের এলাকায় ‘বিশ্বাস ব্রাদার্স’ হিসেবে চেনে। দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে বিবাদ চললেও সম্প্রতি এলআইসি সম্পত্তি উদ্ধারে নতুন করে সক্রিয় হয়েছে। আলিপুর থানায় অভিযোগ দায়েরের পর এবার সরাসরি উচ্ছেদের নোটিস দেওয়া হলো।
উল্লেখ্য, শহরের অন্যতম হাইপ্রোফাইল দুর্গাপুজোর আয়োজক সুরুচি সংঘের দুই মূল পৃষ্ঠপোষক অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস বর্তমানে একাধিক আইনি জটিলতায় রয়েছেন। স্বরূপ বিশ্বাসকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং অরূপ বিশ্বাস পুলিশের নোটিসে হাজিরা দিয়েছেন। এই পরিস্থিতিতে ক্লাবের জমি খালির নোটিস আসায় ক্লাবটির ভবিষ্যৎ ও আসন্ন পুজোর আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এলাকা খালি না হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে মনে করা হচ্ছে।