ট্রেন আটকালেই সোজা জেল, রেল অবরোধ রুখতে নবান্নের কড়া হুঁশিয়ারি!
রাজ্যে রেলের পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণার পাশাপাশি, জনদুর্ভোগ কমাতে রেল অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল নবান্ন। বর্তমান রাজ্য প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই নীতির আওতায় এবার থেকে প্রতিবাদের নামে যত্রতত্র রেললাইন অবরোধ করে যাত্রী পরিষেবা ব্যাহত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় রেল আইন, ১৯৮৯-এর ১৭৪ ধারা অনুযায়ী ট্রেন চলাচলে বাধা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ, যার অধীনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দুই বছর কারাবাস ও অর্থদণ্ড হতে পারে।
পূর্ব রেলের পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবর্ষে (১ এপ্রিল ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬) পূর্ব রেলের চারটি ডিভিশনে মোট ২৯টি ট্রেন অবরোধের ঘটনা ঘটেছে। এর মধ্যে শিয়ালদহ ডিভিশনে ২২টি, মালদহে ৪টি, হাওড়ায় ২টি এবং আসানসোলে ১টি অবরোধ হয়েছে। এছাড়া বিভিন্ন সময় ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘটের কারণেও রেল পরিষেবা ব্যাহত হয়েছে। নবান্নের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের অধিকার থাকলেও তা জনজীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে পারে না। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে রেল ও রাজ্য পুলিশ যৌথভাবে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।