ইউনুস আমলে রেকর্ড অর্থ পাচার, সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের আমানতে বিশাল উল্লম্ফন!
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘সুইস ন্যাশনাল ব্যাংক’ (এসএনবি)-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, মাত্র এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে এই আমানতের পরিমাণ ছিল ৫৯ কোটি সুইস ফ্রাঁ, যা ২০২৫ সালের শেষে বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লক্ষ সুইস ফ্রাঁতে। বর্তমান বাজারদর অনুযায়ী, যার পরিমাণ প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। বিগত ১০ বছরের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ আমানতের রেকর্ড এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন আমানতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক পটপরিবর্তন ও অর্থনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। সুইস ব্যাংকের এই তথ্য কেবল মোট পাচার হওয়া অর্থের একটি ক্ষুদ্র অংশ। ধারণা করা হচ্ছে, গত এক বছরে বাংলাদেশ থেকে অন্তত ২ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। অভ্যন্তরীণ অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে এবং শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।