হোমস্টের বন্ধ দরজায় তরুণীর রহস্যমৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে উঠল লাভ জিহাদের অভিযোগ!
কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার নন্দী হিলস সংলগ্ন একটি হোমস্টে থেকে বেঙ্গালুরুর এক তরুণী ফিজিওথেরাপিস্টের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণীর সঙ্গে থাকা তাঁর প্রেমিক কেরলের বাসিন্দা মহম্মদ সাঁজিত আলিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং তরুণীর পরিবার সাঁজিত আলির বিরুদ্ধে প্রতারণা ও ‘লাভ জিহাদ’-এর মারাত্মক অভিযোগ তুলেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, তরুণীটি পরিবারের অমতে সাঁজিতের সঙ্গে ঘর ভাড়া নিয়েছিলেন। দীর্ঘক্ষণ সেই ঘরের দরজা বন্ধ থাকায় হোমস্টে কর্মীরা তা ভেঙে ভেতরে ঢুকে ওই তরুণীর দেহ এবং সাঁজিতকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। নিহতের মায়ের অভিযোগ, সাঁজিত দীর্ঘদিন ধরে তরুণীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। এদিকে পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মাদক সেবনের ফলে এই অঘটন হতে পারে। তবে এটি হত্যা না কি আত্মহত্যা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে এবং হাসপাতালের চিকিৎসাধীন সাঁজিতের জ্ঞান ফিরলে তাঁর বয়ান রেকর্ড করে রহস্যের কিনারা করার চেষ্টা চলছে।