৪০ লক্ষ টাকার জালিয়াতি! সিএবি বিতর্কে বিস্ফোরক প্রণব রায়
সিএবি-র অনুদান আত্মসাতের অভিযোগ, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি প্রণব রায়ের
কলকাতা: রঞ্জিজয়ী প্রাক্তন বঙ্গ ক্রিকেটার এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রণব রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। শ্যামল দাস নামে এক ব্যক্তি সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলে ১৩ পাতার একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগে দাবি করা হয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ‘মোহনলাল ক্লাব’-এর নামে একটি অস্তিত্বহীন বা সমান্তরাল সংস্থা তৈরি করে বেআইনিভাবে সিএবি-র অনুদানের টাকা আত্মসাৎ করা হয়েছে এবং এই জালিয়াতির মূল সহায়তাকারী প্রণব রায়। অভিযোগকারীর দাবি, চেক মারফত নেওয়া এই অর্থ আত্মসাতের সঙ্গে তিনি সরাসরি যুক্ত এবং তাকে অবিলম্বে সিএবি থেকে সাসপেন্ড করে বিষয়টি ওম্বুডসম্যানের কাছে পাঠানো হোক।
নিজের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন প্রণব রায়। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, তিনি মোহনলাল ক্লাবের একজন সাধারণ সদস্য মাত্র এবং অভিযুক্ত সময়ের মধ্যে কোনো কার্যনির্বাহী দায়িত্বে ছিলেন না। প্রণব রায়ের অভিযোগ, ব্যক্তিগত সম্মানহানি ও পরিবারকে কালিমালিপ্ত করার জন্য পরিকল্পিতভাবে এই চক্রান্ত করা হচ্ছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তিনি বিস্তারিত মন্তব্য না করলেও, এই মানহানিকর প্রচারের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এছাড়া প্রণব রায়ের মতে, অভিযোগ দায়ের করার সময় থেকেই তাঁর বিরুদ্ধে এই হেনস্থার আসল উদ্দেশ্য স্পষ্ট হচ্ছে।