পিএফ নিয়মে বড় চমক, প্রতি মাসে কত বেতন কাটবে জানেন?

বেসরকারি কর্মীদের পিএফ জমার নিয়মে বড় বদল, কার্যকর নতুন ইপিএফ স্কিম ২০২৬

কলকাতা: বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (PF) কাটার নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। ১৯৫২ সালের পুরনো প্রকল্পের পরিবর্তে ২৯ জুন থেকে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) নতুন ‘ইপিএফ স্কিম, ২০২৬’ কার্যকর করেছে। নতুন নিয়ম অনুযায়ী, যাঁদের মূল বেতন ১৫,০০০ টাকা বা তার বেশি, তাঁদের পিএফ তহবিলে প্রতি মাসে ন্যূনতম ১,৮০০ টাকা জমা দেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে নিয়োগকর্তাকেও কর্মীর সমপরিমাণ ১,৮০০ টাকা জমা দিতে হবে, ফলে সংশ্লিষ্ট কর্মীর একাউন্টে প্রতি মাসে মোট ৩,৬০০ টাকা জমা পড়বে। এই তহবিলে জমানো অর্থের ওপর বার্ষিক ৮.২৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।

নতুন এই নিয়মে কর্মীরা চাইলে বাধ্যতামূলক ১,৮০০ টাকার চেয়েও বেশি অর্থ পিএফ-এ জমা করতে পারবেন। তবে সেক্ষেত্রে নিয়োগকারী সংস্থা অতিরিক্ত অর্থ প্রদানে বাধ্য থাকবে না; সংস্থা তাদের বিবেচনা অনুযায়ী তা দিতে বা বন্ধ রাখতে পারবে। প্রয়োজনে কর্মী এবং নিয়োগকারী সংস্থা উভয়েই স্বেচ্ছাধীন অতিরিক্ত জমার পরিমাণ কমাতে বা বন্ধ করতে পারবেন। ইপিএফও কর্তৃপক্ষের দাবি, এই পরিবর্তনের ফলে দেশের প্রায় আট কোটি গ্রাহক উপকৃত হবেন এবং এই নতুন বিধি বেসরকারি কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তহবিলের সুদের হার সরাসরি শেয়ার বাজারের ওপর নির্ভরশীল না হলেও, কেন্দ্রীয় সরকারের পর্যালোচনার মাধ্যমে প্রতি বছর তা পরিবর্তিত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *