হুগলি নদীতে এবার ‘ওয়াটার মেট্রো’, বদলে যাবে কলকাতার যাতায়াত!
কলকাতায় যানজট নিরসনে নতুন উদ্যোগ হিসেবে চালু হতে চলেছে বহুপ্রতিক্ষিত ‘ওয়াটার মেট্রো’ প্রকল্প। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে হুগলি নদীর বুকে এই অত্যাধুনিক জলপথ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। পর্যটন উন্নয়ন ও যানজট কমানোর লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়িত করা হচ্ছে, যা কলকাতার পাশাপাশি আসামের ব্রহ্মপুত্র নদ এবং জম্মু-কাশ্মীরের ঝিলম ও ডাল লেকেও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রকল্পের আওতায় প্রাথমিক রুট হিসেবে বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, শোভাবাজার, বাগবাজার, হাওড়া স্টেশন, শালিমার এবং শ্রীরামপুর ঘাটকে চিহ্নিত করা হয়েছে। ভবিষ্যতে হুগলি নদীর তীরবর্তী আরও জনবহুল এলাকাকে এই পরিষেবার আওতায় আনা হবে। প্রকল্পটির খসড়া তৈরির কাজে ভারতের ৬টি কেন্দ্রীয় মন্ত্রক যুক্ত রয়েছে এবং খুব শীঘ্রই এর ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (DPR) তৈরির কাজ শুরু হবে। এটি পর্যটন আকর্ষণের পাশাপাশি দুর্গাপূজাকে বিশ্বমঞ্চে আরও আকর্ষণীয় করে তুলতেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।