হরমুজ়ে উত্তাল পরিস্থিতি, ইরানের ঘাঁটিতে মার্কিন বিমান হামলা!
হরমুজ প্রণালীতে ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোনের হামলার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) দাবি, ‘এভার লাভলি’ নামক বাণিজ্যিক জাহাজে ইরানের এই হামলা আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে। এর জবাবে মার্কিন যুদ্ধবিমান ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চপ্যাড এবং উপকূলীয় রাডার স্টেশন লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালিয়েছে।
এই ঘটনার পর ইরান ও আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের নতুন করে অবনতি হয়েছে। ওয়াশিংটনের হামলার পাল্টা জবাব হিসেবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, উস্কানি ছাড়া ইরান কোনো হামলা চালায় না, তবে তাদের ওপর আঘাত এলে তার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া অব্যাহত থাকবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের এই দীর্ঘদিনের টানাপোড়েন বিশ্ববাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে।