পুলিশের পোশাকে অপহরণ, অভিষেক ঘনিষ্ঠ যুবকের নিখোঁজ রহস্যে তোলপাড়!
ব্যান্ডেলে সাংসদের আপ্ত সহায়কের ঘনিষ্ঠ যুবক ‘নিখোঁজ’, চাঞ্চল্য
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের ঘনিষ্ঠ পলাশ চক্রবর্তী নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে ব্যান্ডেলের কেওটা রাধারানি কলোনি থেকে ঘটনাটি ঘটে। পলাশের পরিবারের অভিযোগ, রাত ১১টার দিকে ‘পুলিশ’ লেখা একটি সাদা গাড়িতে করে পাঁচ-ছয়জন ব্যক্তি এসে কোনো পরিচয়পত্র না দেখিয়েই পলাশকে তুলে নিয়ে যায়। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। তবে এত বড় ঘটনার পরেও পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
শালবনি থানার পুলিশ বর্তমানে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে সুমিত রায়ের সন্ধানে রয়েছে এবং তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিসও জারি হয়েছে। পলাশের সঙ্গে সুমিতের ঘনিষ্ঠতার কারণে শালবনি থানা ও সিআইডির সঙ্গে যোগাযোগ করা হলে, সংশ্লিষ্ট পক্ষগুলি এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই বলে স্পষ্ট জানিয়েছে। উল্লেখ্য, স্থানীয়ভাবে পরিচিত পলাশ চক্রবর্তী একসময় ছাত্র রাজনীতি করেছেন এবং শ্রীরামপুর কলেজের জিএস ছিলেন। এর আগে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছিল বলে অভিযোগ রয়েছে। রহস্যজনক এই ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।