সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, ফের খারিজ আসারামের জামিন!
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে করা স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি এমএম সুন্দ্রেশ ও বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে, আপাতত তাকে জেলেই থাকতে হবে এবং সেখান থেকেই বিচার প্রক্রিয়া চলবে। আদালত জানিয়েছে, বর্তমানে আসারামকে জামিন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
আসারামের শারীরিক অবস্থা কতটা সংকটজনক এবং তার জীবনের প্রকৃত ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে রাজস্থান সরকারের কাছে রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। রাজ্য সরকারকে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে যোধপুরের আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণ এবং ২০২৩ সালে গান্ধীনগরে এক তরুণীকে যৌন হেনস্থার দায়ে আসারাম যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এর আগেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার করা একাধিক জামিনের আবেদন আদালত খারিজ করেছে।