শনি-রবিবারও খোলা থাকবে অফিস! সরকারি কর্মীদের হাজিরার কড়া নির্দেশ নবান্নর

রাজ্যের সরকারি কাজের গতি বজায় রাখতে এবার থেকে সপ্তাহান্ত এবং সরকারি ছুটির দিনেও অফিসে উপস্থিত থাকতে হবে রাজ্যের কর্মীদের। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ছুটির দিনেও দাপ্তরিক কাজ পরিচালনা করেন, যা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, পালা করে বা রোস্টার মেনে সংশ্লিষ্ট দপ্তরে ন্যূনতম কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনে এই নির্দেশিকা জারি করেছেন বিশেষ সচিব।

নবান্ন সূত্রে খবর, এই নির্দেশের প্রভাব রাজ্য প্রশাসনের অন্যান্য স্তরেও পড়ার সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিও স্তরের কর্মীদের ক্ষেত্রেও একই ধরনের নির্দেশিকা জারি হতে পারে। অন্যদিকে, রাজ্য সরকারের অর্থ দপ্তরের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে অর্ধদিবস এবং ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন উপলক্ষে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *