উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগের সতর্কতা, ৫ জেলায় জারি রেড অ্যালার্ট!
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় জারি ‘রেড অ্যালার্ট’
কলকাতা: উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী তিন দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতির গুরুত্ব বিচার করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, কিছু এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে, যার ফলে পাহাড়ি এলাকায় ধস ও নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পর সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তখন বৃষ্টির পরিমাণ বাড়ার পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হতে পারে। যেসব এলাকায় বৃষ্টি হবে না, সেখানে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।