লাহোরে গুলিবিদ্ধ লস্করের সহ-প্রতিষ্ঠাতা হামজা, আবার কি সেই রহস্যময় গানম্যান?
বর্তমান ডেস্কঃ
পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা সদস্য এবং হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী আমির হামজাকে লক্ষ্য করে লাহোরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। লাহোরে একটি সংবাদ চ্যানেলের অফিসের বাইরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়।
আমির হামজা লস্কর-ই-তৈবার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সংগঠনের তহবিল সংগ্রহ, সদস্য নিয়োগ এবং বন্দি জঙ্গিদের মুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। ভারতের বিরুদ্ধে একাধিক জঙ্গি হামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং মার্কিন ট্রেজারি বিভাগ তাকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে। ২০১৮ সালে লস্কর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তিনি ‘জইশ-ই মানকাফা’ নামে নতুন একটি সংগঠন তৈরি করেন, যা জম্মু ও কাশ্মীরসহ বিভিন্ন স্থানে সক্রিয় বলে অভিযোগ রয়েছে। লস্করের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা এই জঙ্গি নেতার ওপর হামলার ঘটনাটি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে পুনরায় প্রশ্নের মুখে ফেলেছে।