সরকারি জমিতে অবৈধ ইদগাহ, ইমামবাড়া গুঁড়িয়ে দিল যোগীর বুলডোজার!
উত্তরপ্রদেশের সম্ভলে অবৈধ দখলমুক্ত করতে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ইদগাহ ও ইমামবাড়া
উত্তরপ্রদেশের সম্ভলে সরকারি জমি দখল করে গড়ে ওঠা একটি ইদগাহ ও ইমামবাড়া বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা সাড়ে ছয় ঘণ্টা ধরে চলে এই উচ্ছেদ অভিযান। বড় ধরনের অশান্তি এড়াতে ঘটনাস্থলে ৫ থানার পুলিশসহ বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। ৪টি বুলডোজারের সাহায্যে ৭ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই অবৈধ স্থাপত্যটিকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, ১২ বছর আগে গোচারণভূমির ওই সরকারি জমি অবৈধভাবে দখল করা হয়েছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। স্থানীয় বাসিন্দাদের দায়ের করা মামলার ভিত্তিতে গত ৩১ জানুয়ারি আদালতের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউ জমির মালিকানার সপক্ষে বৈধ কাগজপত্র জমা দিতে না পারায় প্রশাসন এই উচ্ছেদের নির্দেশ কার্যকর করে। জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া জানিয়েছেন, উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজারের সমস্ত খরচ অভিযুক্তদের কাছ থেকে আদায় করা হবে। এ ঘটনার পর স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিলেও, সরকারি জমি দখলমুক্ত করার বিষয়ে প্রশাসন নিজেদের অবস্থানে অনড় রয়েছে।