মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কেরুলের বিস্ফোরক দাবি, NIA-র হাতে কি মিলল বড় কোনো প্রমাণ!
মালদহের মোথাবাড়ি ও কালিয়াচক-২ ব্লকে সাতজন বিচারককে দীর্ঘক্ষণ আটকে রেখে নিগ্রহের ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ১ এপ্রিল ভোটার তালিকা সংক্রান্ত অসন্তোষকে কেন্দ্র করে ঘটা এই ঘটনার তদন্তভার সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গ্রহণ করেছে। এই মামলার মূল অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে এনআইএ।
আদালতের শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি দাবি করেছে, বিচারকদের ওপর হামলার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে গভীর চক্রান্ত থাকতে পারে। ডিজিটাল তথ্য ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে এনআইএ আদালতকে জানিয়েছে। অন্যদিকে অভিযুক্তের আইনজীবীর দাবি, মোফাক্কেরুল ঘটনাস্থলে থাকলেও তিনি উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে এই মামলায় ফাঁসানো হচ্ছে। বিষয়টি নিয়ে পরবর্তী শুনানি ১৭ এপ্রিল ধার্য করা হয়েছে এবং ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত জেল হেফাজতেই থাকবেন।